উত্তরাঞ্চলে একটি বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার রিভলভিং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশ নিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষিপণ্যের সাপ্লাই চেইন শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা দেয়া হবে। ফলে এই অঞ্চলের কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক সমৃদ্ধি করা সম্ভব হবে। এখন থেকে কৃষকরা এই স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদহারে অর্থায়ন নিতে পারবেন। স্কিমের আওতায় চারটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অর্থায়ন করা হবে। পর্যায়গুলো হলো : উৎপাদন ও সংরক্ষণ; পরিবহন, বিপণন ও অবকাঠামো নির্মাণ; কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ; এবং রফতানি করা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসএমই বিজনেস সাপোর্ট প্রধান কাজী দিলরুবা আক্তার এবং এমএফআই ও এগ্রিকালচার ফাইন্যান্সের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লিটন কুমার বিশ্বাস। বিজ্ঞপ্তি।



