শেখ হাসিনার কারণেই খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায় : রিজভী

Printed Edition

হাটহাজারী (চট্টগ্রাম)সংবাদদাতা

শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত— সব করেছিলেন। খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন, আর ফিরে আসলেন হুইলচেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হয়েছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণেই আজ খালেদা জিয়া মৃত্যুশয্যায়।

গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই-আগস্ট বিপ্লব চট্টগ্রামে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর লোকদের নামে আত্মসাতের অভিযোগ থাকে, কিন্তু শেখ হাসিনা নিজেই আত্মসাতে জড়িত ছিলেন। ব্যাংকের ভল্টে যার নামে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে। জনগণের টাকা দিয়ে স্বর্ণ কিনে ভল্টে সংরক্ষিত করেছেন; কিন্তু ভুলে গেছেন বাদশাহ শাদ্দাত নিজের তৈরি বেহেস্ত নিজে ভোগ করতে পারেননি। শেখ হাসিনার পরিণতিও তাই হলো। আল্লাহ এর দৃষ্টান্ত দিয়ে রেখেছেন নমরুদ-ফেরাউন দিয়ে।

তিনি বলেন, শেখ হাসিনা এ দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করত, দেশের সম্পদ জনগণের টাকাকে নিজের মনে করত। বাংলাদেশ ব্যাংকসহ সমস্ত ব্যাংক ফুটো করে হাজার কোটি টাকা তার পরিবার, আত্মীয়-স্বজনসহ দলের লোকেরা বিদেশে পাচার করেছে।

বিএনপির মানবিক ও সামাজিক সেবামূলক সংগঠন “আমরা বিএনপি পরিবার”-এর আয়োজনে আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে হাটহাজারী পৌরসভার মিরেরহাট এলাকার মীরবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শেখ হাসিনার সমালোচনা করে আরো বলেন, ঢাকা শহরে নিজের জায়গা থাকলে নিয়ম অনুযায়ী কেউ রাজউকের প্লট পেতে পারে না। কিন্তু আইন-কানুন তোয়াক্কা না করে আত্মীয়স্বজনের নামে পূর্বাচলে ৬০ কাঠা জায়গা হাতিয়ে নিয়েছেন তিনি।

এ সময় প্রধান অতিথি দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালকে ধানের শীষ প্রতীকে জয়ী করতে নেতাকর্মীদের অনুরোধ জানান।

সাংবাদিক রনির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, সদস্যসচিব মো: মোকছেদুল মোমিন প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে হতাহত ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভার মো: জাকের হোসেন, সদস্যসচিব মো: গিয়াস উদ্দিন, অহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাবেক সেক্রেটারি মনিরুল আলম জনিসহ নেতাকর্মীরা।