এই সময়ে লিজা

Printed Edition
এই সময়ে লিজা
এই সময়ে লিজা

বিনোদন প্রতিবেদক

কিছু দিন আগেই ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের একটি গান। নতুন এই গানে বেশ সাড়া পাচ্ছেন লিজা। এরই মধ্যে সারাদেশে শিল্পীদের স্টেজ শোর ব্যস্ততা কমলেও অর্থাৎ স্টেজ শো কম হলেও লিজা তারপরও মাসজুড়ে কিছু না কিছু স্টেজ শোতে পারফর্ম করছেন। এরই মধ্যে মাসের শুরুতে ঢাকায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আজ রাজধানীর উত্তরাতেই একটি স্টেজ শোতে গাইবেন তিনি। এছাড়াও মাসের শেষপ্রান্তে চট্টগ্রামেও একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে। স্টেজ শোর বাইরে লিজা নিজের একমাত্র কন্যাকেই সময় দেন বেশি। মাঝেমধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই বাসা থেকে বের হন তিনি। তার সমসাময়িক অন্যান্য শিল্পীরাও স্টেজ শো নিয়ে এই মুহূর্তে হতাশ। বলা যায় এই মুহূর্তে দেশে স্টেজ শো একেবারেই কম। তবে কেন একেবারেই কম, কেনইবা হচ্ছে না গ্রামেগঞ্জে-শহরে তা শিল্পীদেরও অজানা। তবে এই মুহূর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি যেমন ভালো নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। যে কারণে বিগত বছরগুলোর চেয়ে আনুপাতিক হারে স্টেজ শো একেবারেই কম। যে কারণে শিল্পীরা তাদের আগামী নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই বলছেন এই পরিস্থিতি শিগগিরই বদলে যাবে। আবার চাঙ্গা হয়ে উঠবে আমাদের সঙ্গীতাঙ্গন। গানে গানে মুখলিত হয়ে উঠবে শহর নগর বন্দর। লিজা বলেন, ‘এই মুহূর্তে স্টেজ শো খুবই কম। যে ক’টা হাতে আছে তা আগের তুলনায় অনেক কম। তারপরও চেষ্টা করছি আমার কাছে যেসব শোতে পারফর্ম করার প্রস্তাব আসে তা ব্যাটে-বলে মিলে গেলে করার। কিন্তু শোই যদি কম থাকে তখন হিসাব-নিকাশ কী ই বা করব। তারপরও বিশ্বাস করি, এই পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। আর তোমার রোদেলা আকাশে গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরো কিছু নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা চলছে। শিগগিরই ভিডিও নির্মাণ করা হবে।’ এদিকে যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে লিজার সাথে সেখানে টানা বেশ কয়েকটি শোয়ের জন্য। কিন্তু লিজা তার দুই বছরের সন্তানকেই আপাতত সময় দিতে চান। কারণ জীবনের এই মুহূর্তটা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।