বিনা টেন্ডারে রেলের কাজ চায় ছাত্রদল নেতা প্রকৌশলীকে হেনস্থার অভিযোগ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বিনা টেন্ডারে রেলের কাজ চায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার রাজীবুল হক। বিনা টেন্ডারে কাজ না দেয়ায় রেলওয়ে পূর্বাঞ্চলের এক প্রকৌশলীকে দলবল নিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

রেল সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজের পাহাড়তলীর কার্যালয়ে যান ছাত্রদল নেতা খন্দকার মোহাম্মদ রাজীবুল হক। ওই ছাত্রদল নেতা প্রকৌশলী ইমতিয়াজের কাছে বিনা টেণ্ডারে একটি কাজ দেয়ার দাবি জানান। কিন্তু ওই প্রকৌশলী তাকে নিয়মের বাইরে কাউকে কাজ দেয়ার সুযোগ নেই এবং কাজ পেতে হলে দরপত্রে অংশ নিয়ে যোগ্যতা অর্জন করতে হবে বলে জানান। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রকেšশলীর কার্যালয় থেকে বেরিয়ে গিয়ে দলবল নিয়ে আধাঘণ্টা পর আবার সেখানে আসেন। তারা সেখানে গিয়ে ওই প্রকৌশলীকে হুমকি-ধমকি দেন, ল্যাপটপের পাওয়ার সুইচ বন্ধ করে দেন এবং প্রকৌশলীর মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করেন বলে সূত্র অভিযোগ করেছে। এ সময় সেখানে উপস্থিত কর্মচারীরা ছাত্রদল নেতা ও তার সহযোগীদের নিবৃত্ত করেন।

এ ঘটনা শনিবার জানাজানি হলে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার মো: তানভীরুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যায় নয়া দিগন্তকে বলেন, বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ভুল স্বীকার করেছেন। দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে। তাই আপাতত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে না।