সংসদ প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের (সুইস) রাষ্ট্রদূত রেতো রেংগলি গতকাল এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন। সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন।
এ ছাড়া রোহিঙ্গা সঙ্কট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।



