ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক টি-২০তে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ নিজেদের রেকর্ডটাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ মেরেছে ২০০ বা এর চেয়ে বেশি ছক্কা।
২০২৪ সালে সর্বোচ্চ ছিল ১২২টি। এবার ২০৬টি এসেছে তানজিদ, লিটনদের ব্যাট থেকে। চলতি বছর টি-২০তে বাংলাদেশের ১৮ ব্যাটার ছক্কা মেরেছেন। তানজিদ হাসান ৪১টি। দ্বিতীয় সর্বোচ্চ পারভেজ হোসেন ৩৪টি। সাইফের ২৯ আর লিটনের ২৩। মিডল অর্ডারে জাকের আলীর ব্যাট থেকে এসেছে ১৯ ও তাওহিদ হৃদয় মেরেছেন ১৪টি।
এ বছরে টি-২০তে বাংলাদেশের মোট রানের ২৯ শতাংশই ছক্কা থেকে। চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি।
চলতি বছরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া। ২৮ ম্যাচে দলটি ৩২৬টি ছক্কা। তালিকার ২ নম্বরে আছে পাকিস্তান, ২৩৫ ছক্কা মেরেছে। টেস্ট খেলুড়ে দেশের হিসাব করলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছে বাংলাদেশ।



