ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর খালের ওপর নির্মিত একটি সেতু ঢলের পানির তোড়ে ধসে পড়েছে। এতে কালেরপাড়া ও নিমগাছি ইউনিয়নের পাঁচ গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র সড়কটি বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে এডিপির অর্থায়নে হেউটনগর-নিমগাছি সড়কের হেউটনগর খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে খালের পানির প্রবাহে সেতুর নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। গত রোববার ঢলের তীব্র স্রোতে সেতুটি ধসে পড়ে।
কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি আগেই উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছিল। তবে সময়মতো সংস্কার না হওয়ায় শেষ পর্যন্ত এটি ধসে পড়ে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, প্রায় ২৫ বছর আগে ইটের গাঁথুনি দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সময়মতো সংস্কার করা সম্ভব হয়নি। তবে ওই স্থানে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
হেউটনগর গ্রামের ব্যবসায়ী ছামছুল হক বলেন, ধুনট-বগুড়া সড়কের গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে হেউটনগর-নিমগাছি সড়কটি ব্যবহার করেন হেউটনগর, কোদলাপাড়া, রামনগর, ঈশ্বরঘাট ও নিমগাছিসহ পাঁচ গ্রামের হাজারো মানুষ। সেতুটি ধসে পড়ায় তাদের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ ও নতুন সেতু নির্মাণ করে জনদুর্ভোগ দূর করা হোক।



