ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু তৌহিদ মো: সিয়াম নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই তিন পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে আবু বাকের মজুমদারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন সদ্য বিদায়ী সিনিয়র সহসভাপতি মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি লিমন হাছান ও দফতর সম্পাদক মাহফুজুর রহমান।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো: সিয়াম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী ও মো: জহিরুল ইসলাম। শ্যামলী সুলতানা জেদনী ছিলেন এই পদে একমাত্র নারী প্রার্থী। তিনি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী।
একই দিনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম (রাইয়ান) এবং সাংগঠনিক সম্পাদক মো: জহির রায়হান রিপন।
ঢাবি শাখার কাউন্সিলেও দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সাংগঠনিক সম্পাদক পদে মো: জহির রায়হান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে হাসিব আল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন মো: মহিউদ্দিন ও সাকিবুল হাসান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফেরদৌস আইয়াম ও মোহাম্মদ সাকিব।
কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নতুন কমিটি নির্বাচিত হলো।



