চট্টগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থীর বার্ষিক আয় ২৩ লাখ টাকা

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের বার্ষিক আয় ২৩ লাখ ২৫ হাজার টাকা। তার সম্পদ রয়েছে ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। হলফনামায় ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ১৯ লাখ টাকা।

নুরুল আমিনের বিরুদ্ধে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করার কারণে ৩৮টি রাজনৈতিক মামলা হয়েছিল। মিরসরাই উপজেলায় এর মধ্যে অব্যাহতি পেয়েছেন ১৯টি থেকে। বাকি ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পর নুরুল আমিন তার হলফনামায় নিজের সম্পত্তি ও আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন, যা ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ এবং আলোচনার যোগ্য। হলফনামায় নুরুল আমিন জানিয়েছেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতা নন।

তার হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি বা তার পরিবারে কোনো সদস্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর পদে অধিষ্ঠিত না হওয়ায় কোনো ঋণ গ্রহণ করেননি। নুরুল আমিন তার ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার সম্পদের পরিমাণ ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা উল্লেখ করেছেন।

মনোনয়নপত্রের সাথে দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তার প্রধান আয়ের উৎস ব্যবসা। এই খাতে তার বার্ষিক আয় হয় ১৯ লাখ টাকা। বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া আদায় হয় ৩ লাখ ৭৫ হাজার টাকা। কৃষিখাতে বার্ষিক আয় ৫০ হাজার টাকা। তার কাছে নগদ টাকা রয়েছে ১০ লাখ ৭৬ হাজার টাকা। উপহার হিসেবে পাওয়া স্বর্ণালঙ্কার রয়েছে ২০ ভরি। স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে ২ হাজার বর্গফুট আয়তনের বাড়ির দাম ধরা হয়েছে ৮০ লাখ টাকা।

তার বার্ষিক আয় ২৩ লাখ ২৫ হাজার টাকা এবং আয়কর হিসেবে তিনি ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা প্রদান করেছেন।