বিপুল অর্থব্যয়েও মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচনে ইসরাইলপন্থীদের পরাজয়

Printed Edition

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন প্রগতিশীল জনস্বাস্থ্যকর্মী আবদুর রহমান আল-সাইয়েদ। ইসরাইলপন্থী সংগঠনগুলোর প্রায় ৬০ মিলিয়ন ডলারের বেশি প্রচারণা খরচকে উপেক্ষা করে তিনি এই ঐতিহাসিক মনোনয়ন নিশ্চিত করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি।

গত মঙ্গলবারের এই নির্বাচনের ফলাফলকে আমেরিকার শীর্ষ ইসরাইলপন্থী লবিং গোষ্ঠী ‘আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ (এআইপিএসি)-এর জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আল-সাইয়েদের প্রার্থিতা বানচালে এই গোষ্ঠীটি মূল ভূমিকা পালন করে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সের পেছনে ৩০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ঢালে। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সের বিপক্ষে লড়াই করবেন আল-সাইয়েদ। সিনেটের সার্বিক নিয়ন্ত্রণ নির্ধারণে মিশিগানের এই আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ব্যাটলগ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এই আসনের জয়-পরাজয়ের ওপরই নির্ভর করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি সময়ে সিনেট কোন দলের অধীনে থাকবে।

মিসরীয় বংশোদ্ভূত আবদুর রহমান আল-সাইয়েদ যদি আগামী নভেম্বরের মূল নির্বাচনে জয়ী হতে পারেন, তবে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকা সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানের এই ফলাফল মধ্যপ্রাচ্য বিষয়ে ডেমোক্র্যাটদের নীতিনির্ধারণে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে। আল-সাইয়েদ প্রকাশ্যে গাজায় চালানো সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন। তার অভিমত- যেসব যুদ্ধে মার্কিন অর্থায়ন কেবল ইসরাইলের স্বার্থ রক্ষা করে, তা বন্ধ করে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন এবং অবকাঠামোগত উন্নয়নে খরচ করা প্রয়োজন।

নিরপেক্ষ সংগঠন ‘আরব আমেরিকান ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক মায়া বেরি এই ফলাফলকে এক ‘বিরাট অর্জন’ বলে উল্লেখ করেছেন। তার মতে, নীতি বা জনকল্যাণমূলক কথা না থাকা এবং কেবল ‘আবদুর রহমান নামের এক আরব-আমেরিকান মুসলিমকে’ লক্ষ্য করে চালানো বর্ণবাদী বা ব্যক্তিগত আক্রমণাত্মক বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা যায়নি। আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মায়া বেরি জানান, মিশিগানের জনগণ এ ধরনের বিভ্রান্তিকর রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে স্পষ্ট বার্তা প্রদান করেছে।