তিরমিজি শরিফের ১৭ খণ্ডের আরবি ব্যাখ্যাগ্রন্থ লিখলেন বাংলাদেশী আলেম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

তিরমিজি শরিফের ১৭ খণ্ডের আরবি ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন বাংলাদেশী আলেম বিশিষ্ট মুহাদ্দিস ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন। দীর্ঘ ২৫ বছরের গবেষণা, অধ্যবসায় ও পাঠদানের অভিজ্ঞতার ভিত্তিতে রচিত ‘কিফায়াতুল মুগতাজি ফি শারহি জামে তিরমিজি’ আরবি ব্যাখ্যাগ্রন্থকে দেশ-বিদেশের আলেমরা হাদিস গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে মূল্যায়ন করেছেন।

গ্রন্থকার মাওলানা আব্দুল মতিন জানান, ২০০১ সালে মালিবাগ মাদরাসায় পাঠদানের প্রয়োজন থেকেই তার গবেষণার সূচনা। অর্থসঙ্কটের কারণে প্রয়োজনীয় গ্রন্থ সংগ্রহ করতে না পেরে তিনি লাইব্রেরি থেকে বই এনে হাতে নোট তৈরি করতেন। করোনাকালে টানা কয়েক মাস রাত জেগে গবেষণার কাজ এগিয়ে নেন। তিনি বলেন, এ কর্মযজ্ঞকে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবেই দেখেন।

এ গ্রন্থকে বাংলাদেশের ইসলামী গবেষণা ও হাদিসচর্চায় নতুন এক অধ্যায়ের সূচনা বলে মনে করছেন আলেমরা। শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার বলেন, গ্রন্থটি হাদিস পাঠদান ও দারসের পদ্ধতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তার মতে, এটি শুধু একটি ব্যাখ্যাগ্রন্থ নয়; বরং হাদিস শিক্ষার একটি পূর্ণাঙ্গ মডেল।

জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফার বলেন, একটি শব্দের সঠিক ব্যাখ্যা নির্ধারণের জন্যও লেখক শত শত মূল গ্রন্থ পর্যালোচনা করেছেন। ভবিষ্যতে তিরমিজি শরিফ নিয়ে গবেষণায় এ গ্রন্থ গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।