আলজাজিরা
ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ফ্রান্সে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। একই সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাকি সদস্য দেশগুলোকেও বেন-গভিরের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারো।
গত সপ্তাহের শুরুর দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (ত্রাণবাহী নৌবহর) অধিকারকর্মীদের উপহাস ও হেনস্তা করার একটি ভিডিও ফুটেজ নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন বেন-গভির। আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দিত হওয়া ওই ভিডিওর সূত্র ধরেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো। তিনি আরো উল্লেখ করেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রী ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি বেন-গভিরের নিন্দনীয় আচরণের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বেন-গভিরের পোস্ট করা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের আশদোদ বন্দরে ফ্লোটিলার অধিকারকর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। আর বেন-গভির তাঁদের সামনে দাঁড়িয়ে উপহাস করছেন। এর আগে গত সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক নৌসীমা থেকে ইসরাইলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোকে আটকে দেয় এবং প্রায় ৪৩০ জন আরোহীকে অবৈধভাবে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে গত বৃহস্পতিবার কয়েক শ আরোহীকে ছেড়ে দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। আটক অধিকারকর্মীদের মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার এই দৃশ্য দেখার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা, স্পেনসহ বেশ কয়েকটি দেশ ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করে। দেশগুলো এমন ‘অগ্রহণযোগ্য’ আচরণ এবং মানবিক মর্যাদা লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানায়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, আমরা কোনোভাবেই ফরাসি নাগরিকের ওপর এমন হুমকি, ভয়ভীতি বা সহিংসতা বরদাশত করব না, বিশেষ করে তা যখন একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে ঘটে। আমি লক্ষ করেছি, ইসরাইলের অনেক সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এই আচরণের নিন্দা জানিয়েছেন। বারো আরো যোগ করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার (বেন-গভিরের) দীর্ঘদিনের উসকানিমূলক, বিদ্বেষী ও সহিংস বক্তব্য এবং কর্মকাণ্ডের ধারাবাহিকতাতেই এই ঘটনা ঘটেছে। আমার ইতালীয় সহকর্মীর মতো আমিও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।



