খুলনা ব্যুরো
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার নতুন সদস্য হওয়া ৬৯৭ জনকে বাদ দিয়ে এক হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ জুলাই নির্বাচন উপলক্ষে দুই হাজার ৪০২ জনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। এরপর ৩ জুলাই ভোটার তালিকার ৬৯৭ জনের বিষয়ে আপত্তি দেন কয়েকজন সদস্য। আপত্তির কারণ হিসেবে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত নতুন সদস্য হিসেবে সাধারণ শ্রেণীতে ৫৮১টি ও সহযোগী শ্রেণীতে ১১৬টিসহ মোট ৬৯৭ জনের নাম ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা সম্পূর্ণ বিধিবহির্ভূত।
এদিকে, গত সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল বোর্ডের চেয়ারম্যানের দফতরে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় জানান, আপিল আবেদন গ্রহণ করে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের কাছে ফলাফল জমা দেয়া হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।
খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক ভোটার তালিকার ৬৯৭ জনের বিষয়ে আপত্তি প্রদান এবং আপিলে সেটি মঞ্জুর করায় ৬৯৭ জন সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা চেম্বারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর পরে কেউ আদালতে গেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



