উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরের এক বৃদ্ধ মা নিজের ছেলে ও স্বামীর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ তুলেছেন। মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উলিপুর প্রেস ক্লাব প্রতিনিধি রোকনুজ্জামান মানুর বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে তিনি বর্তমানে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
থানা, ইউএনও এবং প্রেস ক্লাবে দেয়া অভিযোগে ওই নারী জানান, দীর্ঘদিন ধরে স্বামী ও ছোট ছেলে মানু তাকে অশালীন ভাষায় গালিগালাজ, গালাগাল, এমনকি স্ত্রীকে দিয়ে বেঁধে মারার চেষ্টা করেছে। গত ১৮ আগস্ট তাকে ঘর থেকে বের করে দেয়া হয়। তবে মামলা না করে তিনি শুধু তাদের সতর্ক করে নিজের ঘরে ফেরার নিরাপত্তা চান। তার ভাই সাইফুল ইসলামও দীর্ঘদিনের নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অস্বীকার করে সাংবাদিক মানু দাবি করেন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মা নিজেই পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করেন। তা ছাড়া মায়ের মানসিক সমস্যা ও উচ্চ রক্তচাপের কারণে চিকিৎসাও চালাচ্ছেন তিনি। মানুর বড় ভাই জানান, বিষয়টি নিয়ে তারা পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্ত বিষয়টি অত্যন্ত বিব্রতকর উল্লেখ করে সমাধানের পরামর্শ দেন। উলিপুর থানার পরিদর্শক কমল কিশোর ঘোষ জানান, উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছে এবং তারা বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তিতে সম্মত হয়েছেন।



