বসুন্ধরা পুলিশ মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition
  • বসুন্ধরা কিংস ১-০ ব্রাদার্স
  • পিডব্লিউডি ১-৩ মোহামেডান
  • পুলিশ ৩-১ ইয়ংম্যান্স

আগের দিন ঢাকা আবাহনীর জয় চাপে ফেলে দিয়েছিল বসুন্ধরা কিংসকে। ফলে বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে গেলেই বিপদে পড়ত তারা। তবে পয়েন্টের শীর্ষে থাকা দলটিকে কোনো বিপদেই পড়তে দেননি ডরিয়েলটন গোমেজ। তার করা গোলেই গোপীবাগের দলটিকে ১-০তে হারিয়েছে বসুন্ধরা কিংস। ফলে এককভাবেই থেকে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। অন্য দিকে কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে টানা তৃতীয় জয় পেল মোহামেডান। কাল তারা ৩-১ গোলে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। ১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে কিংস। ব্রাদার্স ইউনিয়ন এক ম্যাচ কম খেলে সপ্তম হারে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। মোহামেডান ১৪ ম্যাচে চতুর্থ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। পিডব্লিউডি সমান ম্যাচে আগের ১৩ পয়েন্টে রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। অন্যম্যাচে, পুলিশ ক্লাব ৩-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে। আবাহনীর পয়েন্ট সমান ম্যাচে ২৮। পুলিশের পয়েন্ট ১৯। আছে চার নাম্বারে। আর ইয়ংম্যান্স ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে।

কিংস এরিনাতে স্বাগতিকরা এক বিদেশী নিয়ে খেলেছে। সেই বিদেশীই গোলটি করেছেন। ২২ মিনিটে দোরিয়েলতন দারুণ এক প্লেসিং থেকে গোল করেন। ডান প্রান্ত থেকে সাদের ক্রসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৬ গজের মধ্যে থেকে ফাঁকায় শুধু পা ছুঁইয়ে দেন।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডান ৩-১ গোলে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে। কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত আব্দুল কাইয়ুম সেন্টু ভালোই চালিয়ে নিচ্ছেন। তার অধীনে সাদা-কালোরা কোনো ম্যাচ হারেনি। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে। মোহাম্মদ জুয়েল ১৮ মিনিটে প্রথম গোল করে সাদা-কালোদের এগিয়ে নেন। ৮৫ মিনিটে রাশিয়ার মারাত তারেক গোল করে সমতায় ফেরান পিডব্লিউডিকে। ৮৯ মিনিটে মোহামেডান আবারো এগিয়ে যায়। পেনাল্টি থেকে মুজাফফরভ গোলকিপারের বিপরীত দিক দিয়ে পরাস্ত করেন। যোগ করা সময়ে মোহামেডান তৃতীয় গোল করে পিডাব্লিউডির হার সুনিশ্চিত করে। রাফায়েল টুডু একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দারুণভাবে ফিনিশিং করেন।

ইয়ংম্যান্সের বিপক্ষে পুলিশের পাওলো ৬ ও ৪০ মিনিটে জোড়া গোল করেন। ৭৮ মিনিটে অপর গোল কাগিমোর। ইয়ংম্যান্সের গোলদাতা স্বাধীন ( ৬০মি.)।