বসতভিটা রক্ষায় নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ

Printed Edition
বসতভিটা রক্ষার্থে নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ : নয়া দিগন্ত
বসতভিটা রক্ষার্থে নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ : নয়া দিগন্ত

দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা

ফেনীতে নদী ভাঙন এখন নিত্যদিনের সমস্যা। নদী তীরবর্তী এলাকা নিয়মিত নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বসতভিটা হারানো, ফসলি জমি নষ্ট হওয়া এবং আতঙ্কে দিন কাটানো এখানকার মানুষের জন্য এখন স্বাভাবিক ঘটনা। সরকারি কোনো সহায়তা না পেয়ে নিজ উদ্যোগে ভাঙন কবলিত নদীর তীরে বাঁধ নির্মাণ করছেন আবুল বাশার। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে নদী ভাঙনে অনেক বাড়িঘর বিলীন হয়েছে। মানববন্ধন ও দাবি সত্ত্বেও টেকসই সমাধান মিলছে না।

সোমবার সকালে দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের বাগেরহাট ব্রিজসংলগ্ন আবুল বাশার নিজ বাড়ির পাশে বাঁধ তৈরিতে ব্যস্ত ছিলেন। স্থানীয়রা জানান, তিনি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও পাননি। তাই বিশ লাখ টাকা ব্যয় করে পিলার, বালুর বস্তা সংগ্রহ এবং মজুরি দিয়ে নিজের ভিটা রক্ষায় কাজ করছেন।

আবুল বাশারের ছেলে জাবের বলেন, সরকারের সহযোগিতা পেতে আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু নদী ভাঙন ক্রমশ বেড়ে যাওয়ায় আমরা নিজেরাই বাঁধ নির্মাণে নেমেছি। আবুল বাশার জানান, আমি কষ্ট করে পাকা বাড়ি করেছি, এখন নদী ভাঙনে বাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কায় রাতের ঘুম নেই। সরকারি সাহায্য না পেয়ে নিজেরাই বাঁধ করছি। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফুয়াদ হাসান বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমরা পরিদর্শন করেছি। বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে, যা নদী ভাঙন রোধে কার্যকর হবে।