মিথ্যা তথ্যে ছবি যুক্ত করে ফটোকার্ড, প্রতিবাদ মহিলাদল নেত্রীর

Printed Edition
মিথ্যা তথ্য দিয়ে ফটোকার্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শারমনি আক্তার রিতা  : নয়া দিগন্ত
মিথ্যা তথ্য দিয়ে ফটোকার্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শারমনি আক্তার রিতা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ছবি যুক্ত করে মিথ্যা তথ্যের পোস্টার আকারে ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদ জানিয়েছেন যাত্রাবাড়ী মহিলাদল নেত্রী শারমিন আক্তার রিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মিথ্যা তথ্যের ফটোকার্ডের ষড়যন্ত্রে জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শারমিন আক্তার ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার মাতুয়াইলের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক।

সংবাদ সম্মেলনে রিতা জানান, ২০২৬ সালে ঢাকা-৫ আসনের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহণ করেন এবং ইন্টারভিউ দেন। দল থেকে এ সময় তাকে ভবিষ্যতের জন্য আশ^াস দেয়া হয়। এরই মধ্যে তাকে যাত্রাবাড়ীর আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ ও বিশ^বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। একই সাথে তিনি এই এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে মাঠে নামে। চক্রটি তার ঈদ শুভেচ্ছার পোস্টার থেকে ছবি নিয়ে তা যুক্ত করে মিথ্যা তথ্যের পোস্টার আকারে ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানিয়ে শারমিন আক্তার রিতা যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগটি এখন ডিবির সাইবার বিভাগে তদন্তাধীন।

বিএনপির এই নেত্রী জানান, মিথ্যা তথ্যের ফটোকার্ড বিষয়ে দলের সিনিয়র নেতাদের অবহিত করে তাদের সহযোগিতা কামনা করেছেন। একই সাথে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে দেয়া চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।