পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জাল বসিয়ে মাছ ধরার অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিতপুর সীমান্তসংলগ্ন পুনর্ভবা নদীর পশ্চিম রঘুনাথপুর টেকঠার ঘাট থেকে পারঘাটি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২৮টি সুতি জাল বসানো হয়েছে। এসব জালের বাঁশ ও খুঁটির কারণে নদীতে নৌযান চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, সুতি জালের কারণে মাছের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে ছোট-বড় মাছ ও পোনা ধ্বংস হচ্ছে। ফলে নদীনির্ভর রঘুনাথপুর ও নিতপুর এলাকার দরিদ্র জেলেরা আগের মতো মাছ পাচ্ছেন না। জাল বসানোর সঙ্গে প্রভাবশালী একটি চক্র জড়িত বলেও অভিযোগ তাদের। প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন কয়েকজন জেলে। এ দিকে নদীতে বাঁশ ও খুঁটি স্থাপন করায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নৌযান চলাচলেও সমস্যা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রকাশ্যে অবৈধ সুতি জাল বসানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান অভিযান না থাকায় জেলেদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।



