উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও ৬ বছর বয়সী এক শিশুপুত্র নিহত হয়েছে। এ সময় দম্পতির আরো এক ছেলে গুরুতর আহত হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কপি নুর (৩০) এবং তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ সলিমকে (১০) প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ক্যাম্প সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। সম্প্রতি একটি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পেছনে স্ত্রীর ভূমিকা রয়েছে বলে তিনি সন্দেহ করতেন। সেই ক্ষোভ থেকেই পারিবারিক বিরোধ চরমে পৌঁছে। ভোররাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। মায়ের ওপর হামলার দৃশ্য দেখে ফেলায় দুই শিশুপুত্রের ওপরও তিনি হামলা চালান। এতে ঘটনাস্থলেই কপি নুর ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছারের মৃত্যু হয়। বড় ছেলে গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যায়। রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মুহাম্মদ জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুর লাশ দেখতে পান এবং আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



