আলজাজিরা
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনা বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ গতকাল রোববারের এই হামলার দায় স্বীকার করেছে।
ঘটনাস্থল থেকে আলজাজিরার কামাল হায়দার জানিয়েছেন, রেলপথের সংলগ্ন বেশ কয়েকটি বাড়িঘর এবং ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কিছু বগি উল্টে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীদের কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুড়ে যাওয়া যানবাহন এবং ট্রেনের বগিগুলো কাত হয়ে পড়ে আছে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
হায়দার জানান, পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি হামলার মুখোমুখি হয়েছে। তিনি আরো যোগ করেন, এই হামলাগুলোর তীব্রতা অনেক বেড়েছে এবং বেলুচিস্তানে বেইজিংয়ের অবকাঠামোগত প্রকল্পের বিরোধিতার কারণে তারা চীনা কর্মীদেরও লক্ষ্যবস্তু করছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অধীনে চীনের জিনজিয়াং অঞ্চলকে পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে সংযুক্ত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের এমন কাপুরুষোচিত কাজ পাকিস্তানের জনগণের সঙ্কল্পকে দুর্বল করতে পারবে না। আমরা সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি।



