ঢাবি ভিসির সাথে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।