কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার হাজি আকবর আলী সুপার মার্কেটের ‘নেহা ইলেকট্রিক’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী দোকান খুলতে এসে নেহা ইলেকট্রিকের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
দোকানটির স্বত্বাধিকারী সেকেন্দার আলী বলেন, সকালে পাশের এক দোকানির ফোন পেয়ে তিনি আগুন লাগার বিষয়টি জানতে পারেন। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনছে। তবে, ততক্ষণে দোকানের ভেতরে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে।
তিনি জানান, দোকানে বৈদ্যুতিক তার, সুইচ, বোর্ড, এলইডি লাইট, ফ্যান, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক সরঞ্জাম ছিল। এসব মালামাল পুড়ে যাওয়ায় তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক সেকেন্দার আলী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অগ্নিকাণ্ডের এ ঘটনায় মার্কেটের অন্য ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।


