কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরের হতদরিদ্র পরিবারের সন্তান খুদে ফুটবলার সাফিন মৃধাকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাফিনের খেলা দেখানো হয়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে তার পরিবারের সদস্যদের ডেকে তাদের হাতে জেলা প্রশাসকের তহবিল থেকে নগদ ১০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন তিনি। আরো আর্থিক সহায়তা ও জমি দেয়ার আশ্বাসও দেন জেলা প্রশাসক।
জানা গেছে, উপজেলা সদরের হতদরিদ্র সুজন মৃধার ছেলে সাফিন মৃধা নিয়মিত ফুটবল প্র্যাকটিস করে উপজেলা পরিষদ মাঠে। প্রতিদিনের ফুটবল খেলায় তার সাথী হন দাদা কবির মৃধা। সম্প্রতি সাফিনের খেলা একটি বেসরকারি টেলিভিশন প্রচার করে। খবরটি দেখে সাফিন ও তার পরিবারের খোঁজখবর নেন জেলা প্রশাসক। পরে সাফিন ও তার পরিবারের সদস্যদের ডেকে আর্থিক সতায়তার অর্থ তুলে দেয়া হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান জানান, দরিদ্রতার কারণে প্রতিভাবান এই খুদে ফুটবলারদের স্বপ্নগুলো মাঝ পথে যেন থেমে না যায় সে দিকে আমাদের সজাগ থাকা উচিত।
জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, ফুটবল খেলার প্রতি সাফিনের রয়েছে অসীম আগ্রহ। তার পরিবারের খোঁজখবর নিয়ে শুনেছি সাফিনের পরিবার অসহায় হতদরিদ্র। সাফিনের পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে নিতে এই আর্থিক সহায়তাটুকু। পরিবারটিকে কিছুটা সরকারি খাস জমি বন্দোবস্ত দেয়ার জন্যও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।



