নিজস্ব প্রতিবেদক
মুসলিম বিবাহের সময় ধার্যকৃত দেনমোহর আদায় এবং তা পরিশোধের সুনির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার। আইন সচিব, নিবন্ধন অধিদফতরের মহাপরিচালকসহ (ডিআর) সংশ্লিষ্ট বিবাদিদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, গত ৫ জুলাই মুসলিম বিবাহে ধার্য করা দেনমোহর আদায়ের পদ্ধতি ও একটি যুগোপযোগী নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট পিটিশনটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এই রিটটি দায়ের করেন, যেখানে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছিল।
রিট আবেদনে মূল যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে একটি হলো মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের অস্পষ্টতা দূরীকরণ : মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অধীনে একটি বিস্তৃত ও ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারির আর্জি জানানো হয়েছে, যাতে এই ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর করে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
দ্বিতীয়ত, নারীর অধিকার ও আর্থিক নিরাপত্তা রক্ষা : বিবাহের তারিখ থেকে এক বছর বা তার বেশি সময় পার হওয়ার পর প্রদত্ত দেনমোহরের সঠিক মূল্যায়ন, আদায়ের পদ্ধতি এবং তা পরিশোধের সুনির্দিষ্ট উপায় নির্ধারণের দাবি জানানো হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিবাহিত নারীদের আইনি অধিকার এবং আর্থিক স্বার্থ যথাযথভাবে রক্ষা ও সংরক্ষণ করা।



