চুনতীর মাহফিলের ১৪তম দিবস

মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামী বিধান অনুসরণের আহ্বান

Printed Edition

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরতুন্নবী সা: চট্টগ্রাম লোহাগাড়া চুনতীর শাহ মনজিল সিরত ময়দানে ১৪তম দিবস সোমবার অনুষ্ঠিত হয়।

কিয়ামতের প্রস্তুতি, জান্নাত-জাহান্নামের বিশ্বাস, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাদকবিরোধী ইসলামী বিধান অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বক্তারা। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- দরবারে আলিয়া গারাংগিয়ার পীর সাহেব শাহজাদা আলহাজ মাওলানা মুহিউদ্দিন মজিদী এবং চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় মাহফিলে কিয়ামতের আলামত, জান্নাত ও জাহান্নাম, জাকাতের শরঈ বিধান ও আর্থসামাজিক উন্নয়নে এর ভূমিকা এবং মদ ও নেশাদ্রব্য সম্পর্কে ইসলামের বিধান নিয়ে আলোচনা করা হয়। বড়ঘোনা জামে মসজিদের খতিব হাফেজ লোকমান হাকিম কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করে বলেন, আখেরাতের জবাবদিহিতার প্রতি বিশ্বাস মানুষের কর্ম ও চরিত্রকে সংশোধনের পথ দেখায়। বুলবুলে বায়তুশ শরফ আলহাজ মাওলানা কাজী শিহাব উদ্দিন জান্নাত ও জাহান্নামের বিবরণ তুলে ধরে বলেন, আখেরাতের সফলতার জন্য দুনিয়ার জীবনেই ঈমান ও নেক আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ফারুক হোছাইন জাকাতের বিধান ও আর্থসামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিকভাবে জাকাত আদায় ও বণ্টন করা হলে দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে বৈষম্য কমানো সম্ভব। গোপালগঞ্জ গোয়াগ্রাম কামিল মাদরাসার প্রভাষক আলহাজ মাওলানা মাসুম বিল্লাহ বিন নাঈম মদ ও নেশাদ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ রক্ষায় ইসলামের মাদকবিরোধী বিধান মেনে চলা জরুরি।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আব্দুল মাজেদ আফনান ও হাফেজ এমদাদ উল্লাহ রশিদি। না’আতে রাসূল সা: পরিবেশন করেন আব্দুল্লাহ আল মামুন ও মুহাম্মদ ফাইয়াজ হাসনাইন। খুতবায়ে ছদর, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে ১৪তম দিবসের কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি।