নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা-৬ আসনে আনুষ্ঠানিক গণসংযোগ করছেন বিএনপি থেকে মনোনীত ইশরাক হোসেন।
গতকাল শুক্রবার বাদ জুমা সমর্থক নিয়ে ঢাকা-৬ আসনে গণমিছিল করেন তিনি।
রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে গিয়ে শেষ করেন গণসংযোগ। এ সময় তিনি জনসাধারণের প্রত্যাশাপূরণের কথা জানান। ঢাকা-৬ আসনের জনগণকে সাথে নিয়েই আসন্ন নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজাবে বলে মন্তব্য করেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।
গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সব দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, স্বৈরশাসনের সময় যারা এতোগুলো মানুষ হত্যা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।
শুক্রবার দুপুর থেকেই একে একে মিছিল আর স্লোগান নিয়ে জড়ো হয় মতিঝিল এলাকায়। উদ্দেশ্য, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের গণমিছিলে অংশ নেয়া। তাকে এক নজর দেখার জন্যও অনেকে ভীড় জমান পুরান ঢাকার বাসা-বাড়ির বেলকনি কিংবা জানালায়। হাত নেড়ে সমর্থন জানান বিএনপি নেতা ইশরাককে। কেউ কেউ ফুল দিয়ে বরণও করে নেন ঢাকা-৬ আসনের এই প্রার্থীকে।



