রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
বিজয়ের মাসে অসহায় মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আবারো রাঙ্গুনিয়ার মানুষের পাশে দাঁড়ালেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম। গতকাল দিনব্যাপী উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
এতে শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
জানা যায়, গত দুই মাস ধরে ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাঙ্গুনিয়ার প্রায় ২০ হাজার মানুষ ইতোমধ্যে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন।
ক্যাম্প উদ্বোধন শেষে ডা: এ টি এম রেজাউল করিম বলেন, বিজয়ের মাস আমাদের শেখায় মানুষের জন্য মানুষ হতে হয়। আমি রাজনীতি করি সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। রাঙ্গুনিয়ায় কেউ চিকিৎসা না পেয়ে কষ্টে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। তাই নির্বাচন আছে কি নেই, আমি মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। এই রাঙ্গুনিয়াকে আধুনিক স্বাস্থ্যসেবাসমৃদ্ধ, শিক্ষায় অগ্রগামী ও উন্নয়নমুখী একটি মডেল উপজেলায় রূপ দিতে চাই। সুযোগ পেলে আপনাদের সেবা আরো বড় পরিসরে, আরো বৈষম্যহীনভাবে পৌঁছে দেবো। পরে তিনি ইসলামপুর ইউনিয়নের একাধিক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।



