অবশেষে দুদক পেল নতুন চেয়ারম্যান ও কমিশনার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবশেষে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার পেল। নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেছেন। আজ থেকে নিয়মিত দুদকে অফিস করবেন তারা।

গতকাল সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সচিব সাইদুর রহমান বলেন, দুদকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আপনারা জানেন সোমবার গেজেট হয়েছে। দুদক চেয়ারম্যান এবং দু’জন কমিশনারকে সরকার নিয়োগ দিয়েছে। সার্চ কমিটির মাধ্যমে তারা নিয়োগ প্রদান করেছেন। আজ (মঙ্গলবার) তারা বেলা ২টায় মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদান করতে হয়, মাধ্যম হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। তিনি বলেন, বুধবার থেকে নতুন যাত্রা শুরু হবে দুদকের। আপনারা যে রকম প্রত্যাশা করেন, সেটি প্রত্যাশা পূরণ হবে। সকালে আমাদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন সূত্র এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুদক আইন, ২০০৪-এর ধারা ১৩-এর বিধান অনুযায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের এবং কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘকাল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ থেকে অবসরে যান তিনি। এর আগে ২০২৫ সালের ২৫ মার্চ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে আসাদুজ্জামান হাইকোর্ট বিভাগের বিচারপতি থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

এ ছাড়া কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি ৮৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে।

২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত স্বাধীন দুদকের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান থেকে সর্বশেষ মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পর্যন্ত মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করে।