রাজশাহীতে কেন্দ্র প্রধানের ভুলে ৪৫২ শিক্ষার্থীর ফল বিপর্যয়

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র প্রধানের ভুলে ৪৫২ শিক্ষার্থীর ফলাফলে বিপর্যয় ঘটেছে। ক্যারিয়ার এডুকেশন বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হলেও ২৫ নম্বরের ভিত্তিতে ফল প্রকাশ করায় তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫ নম্বর করে কম পেয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবকরা সোমবার নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান আইরিন জাফরকে অবরুদ্ধ করেন।

আইরিন জাফর ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, নতুন বিষয় হওয়ায় অন্য বিষয়ের প্র্যাকটিক্যাল নম্বরের হিসাব ধরে ভুলবশত ক্যারিয়ার এডুকেশনের নম্বরও সংযোজন করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করা হয়।

পরে শিক্ষার্থীরা কেন্দ্র প্রধানের সাথে রাজশাহী শিক্ষা বোর্ডে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে অবস্থান নেন ও দ্রুত সংশোধনের দাবি জানান। বোর্ড চেয়ারম্যান শামীম আরা চৌধুরী মুঠোফোনে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে জানান এবং সোমবারের মধ্যেই সংশোধিত ফল প্রকাশের আশ্বাস দেন। শিক্ষার্থী-অভিভাবকরা এ ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।