আইআইইউসিতে ‘ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম২০২৫’ অনুষ্ঠিত

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে স্কলারশিপধারী শিক্ষার্থীদের নিয়ে ‘ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০২৫’ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, স্কলারশিপ শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের দায়িত্ববোধ, নেতৃত্ব এবং ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার এক শক্তিশালী প্রেরণা। তিনি আরো বলেন, জান্নাত লাভের জন্য আমাদের এক ধরনের প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে তিনি আমাদের পরীক্ষা করতে পারেন। তাই আমাদের উচিত পৃথিবীতে নৈতিকতা এবং ভালো কর্মের মাধ্যমে একে অপরের সাথে প্রতিযোগিতা করে জান্নাত অর্জনের লক্ষ্য অর্জন করা।

ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া এবং ফ্যাকাল্টি অব শরিয়াহ বিভাগের ডিন প্রফেসর ড. মো: রাশিদ জাহেদ প্রমুখ।

আয়োজকরা জানান, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, নেতৃত্ব ও মানসিক বিকাশে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘যেমন খুশি তেমন উপস্থাপনা’ পর্বে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল পরিবেশনা উপস্থাপন করেন। বিচারকরা সেরা পাঁচজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।