বর্তমান সরকার গত ৫মাসে সম্পূর্ণ ব্যর্থ : মাওলানা এ টি এম মাসুম

Printed Edition

বরিশাল ব্যুরো

জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী সম্ভাব্য সদস্য (রুকন) প্রার্থীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বরিশাল নগরীর ফ্লালাভরিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ টি এম মাসুম বলেন, বর্তমান সরকার গত পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা স্বাধীন দুর্নীতি দমন কমিশন বাতিল করে নিজেদের স্বাক্ষর করা জুলাই সনদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। একই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। গোটা বাংলাদেশকে একটি জুলুমের কারখানায় পরিণত করা হয়েছে।

তিনি বলেন, ইসলাম নিয়ে যে ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে, তা বিগত হাসিনা সরকারের চেয়ে কোনো অংশে কম নয়। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় একজন নারী সংসদ সদস্যের বোরকা খুলে ফেলার হুমকি দেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, যোগ্যতা ও কর্মশক্তিকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।

বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির জাকির হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরগুনা জেলা আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন প্রমুখ নেতারা।