কূটনৈতিক প্রতিবেদক
সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন।
মার্কিন দূতাবাসের শোকবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
ইইউ দূতাবাস বার্তায় বলেছে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহতদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।
ব্রিটিশ হাইকমিশনের শোকবার্তায় বলা হয়, তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
পররাষ্ট্র উপদেষ্টার শোক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



