নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চিকিৎসা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান (সিএমও), বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: আবু হেনা আবিদ জাফর আর নেই। গত শনিবার (২০ জুন ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
গতকাল রোববার (২১ জুন) বাদ জোহর বুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ তার দীর্ঘ দিনের সহকর্মী ও গুণগ্রাহীরা অংশ নেন। এতে ইমামতি করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা: আবু হেনা আবিদ জাফর দীর্ঘ দিন ধরে বুয়েটের চিকিৎসা বিভাগে অত্যন্ত নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। বুয়েটে সিএমও হিসেবে যোগদানের আগে তিনি ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন।
বুয়েট পরিবারের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি ছিলেন একজন অত্যন্ত নির্ভরযোগ্য ও সহৃদয় চিকিৎসক। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তার সৌম্য ব্যক্তিত্ব, সদালাপী আচরণ এবং অনন্য মানবিক মূল্যবোধের কারণে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন। ডা: আবিদ জাফর ন্যাশনাল ডক্টর্স ফোরামের সাথে যুক্ত ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার এই অকাল প্রয়াণে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুয়েট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং সহকর্মীরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।



