ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক প্রাইভেটকার চালকের বিরুদ্ধে। গত সোমবার রাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গাড়ি পার্কিং নিয়ে কয়েকজনের সাথে প্রাইভেটকার চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চালক গাড়ি থেকে নেমে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, গুলি ছোড়া ওই গাড়ির চালক নিজেকে গোপালগঞ্জের এক কমিশনারের ভাগ্নে বলে পরিচয় দেন। তবে তার এ পরিচয়ের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের বক্তব্য জানা যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।



