আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই বিজয় কেবল একটি দিবস নয়; এটি আমাদের আত্মপরিচয় এবং জাতিসত্তার ভিত্তি। মঙ্গলবার ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। জুলাই বিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন আমাদের সেই চেতনার কথাই স্মরণ করিয়ে দেয়। বিজয় অর্জনের পাশাপাশি বিজয়কে অর্থবহ করে তোলার দায়িত্ব এখন আমাদের সবার। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মু: মামুনুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। আলোচনা সভা শেষে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।



