জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সারা দেশে গতকাল মঙ্গলবার ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য-‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও দরিদ্র, নিম্ন ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা মহানগর, উপজেলা, ইউনিয়ন ও বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত কর্মসূচি অনুযায়ী দিবসটি উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে প্রতি বছর ‘২৮ এপ্রিল’ আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। এতে আরো উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে জাতীয় মাধ্যমে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। এ সময়ে চার লাখ ৬২ হাজার ৬৪৩ মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন; দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

পাশাপাশি সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি-নম্বরের মাধ্যমে উল্লিখিত সময়ের মধ্যে দুই লাখ ১৫ হাজার ৭৭ জনকে আইনি সেবা দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সিলেট ব্যুরো জানায়, সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়াচ্ছে।

এ সময় সিলেট মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আবু ওবাইদা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো: আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবেরসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দফতর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বগুড়া অফিস জানায়, ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর ও বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শাহজাহান কবির। এর পর এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গণে শেষ হয়। এতে সর্বস্তরের বিচারক, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, আইনজীবী, এনজিও প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো: আবু কাহার। সভায় দিবসের তাৎপর্য ও লিগ্যাল এইডের সুফল উল্লেখ করে বক্তব্য রাখেন বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শাহজাহান কবির। এ সময় আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: আনোয়ারুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ এস এম তাসকিনুল হক, বিচারক (জেলা জজ) প্রশাসনিক ট্রাইবুনাল মো: সাইফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা: মো: আজিজুল হাকিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রেজাউর রহমান মিন্টু, সরকারি কৌঁসুলি (জি.পি) শফিকুল ইসলাম প্রমুখ।

গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আইনগত সহায়তা দিবস-২০২৬। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের পাশাপাশি বিচারক, আইনজীবী, শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। সভায় মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়াদুর রহমান, জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, ডিপুটি পুলিশ কমিশনার এস এম শরিফুল ইসলাম এবং গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার নুসরাত জাহান খান।