কূটনৈতিক প্রতিবেদক
কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো প্রয়োজনে কাতারকে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির গতকাল কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সাথে সাক্ষাৎ করে দেশটির আমিরের কাছে তারেক রহমানের লেখা সংহতিপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ূন কবির গত সোমবার কাতার পৌঁছান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানাতে তিনি আরো কয়েকটি দেশ সফর করবেন।
চিঠিতে প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ব্যক্ত করেন। তিনি কাতারে বসবাসরত প্রায় চার লাখ ৫০ হাজার প্রবাসী বাংলাদেশীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কাতার সরকারের নেয়া পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সাথে কাতারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি এবং মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাতায়াতে জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়ায় কাতারের আমিরের মহানুভবতার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, সংলাপ ও কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এতে বাংলাদেশ ও কাতারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সাথে বৈঠক করেন। এ সময় উপদেষ্টা সাম্প্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় কাতারের শ্রমমন্ত্রীর নিকটাত্মীয় মৃত্যুবরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং কাতারে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের কল্যাণ ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।



