ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বসুন্ধরা গ্রুপ-সংশ্লিষ্ট কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও সঙ্ঘবদ্ধ প্রোপাগান্ডা চালানোর অভিযোগ করেছে এনসিপি। একই সাথে এসব গণমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থান এবং এর নেতৃত্বের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে বলেও দাবি করেছে দলটি।
গতকাল বৃহস্পতিবার দলটির দফতর সেলের সদস্য ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এনসিপি এসব অভিযোগ জানায় ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের মূলধারার কিছু সংবাদমাধ্যম দীর্ঘদিন ধরে জুলাই গণ-অভ্যুত্থান ও এর নেতাদের নিয়ে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করছে। সংবাদ পরিবেশনের স্বীকৃত নীতিমালা ও পেশাগত মানদণ্ড উপেক্ষা করে প্রমাণ ছাড়াই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে চরিত্রহননের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী এনসিপি এ ধরনের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এ পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপি বিবৃতিতে বলে, পাঠক-দর্শকের আস্থা ধরে রাখতে পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়া ব্যক্তিদের টকশোতে সঞ্চালক বা আলোচক হিসেবে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানিয়েছে দলটি। একই সাথে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সরকারের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে।



