চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের একটি পরিত্যক্ত ভবন ভেঙে মালামাল রেলওয়েকে বুঝিয়ে দেয়ার জন্য আহ্বান করা টেন্ডারে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন একাধিক ঠিকাদার। নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রভাবশালী একটি মহল অন্য ঠিকাদারদের রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে প্রবেশে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সিআরবিতে টেন্ডারসংক্রান্ত কাজে আসা বেশ কয়েকজন ঠিকাদার ও তাদের প্রতিনিধিকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি প্রবেশের চেষ্টা করলে মারধর ও হুমকি দেয়ার অভিযোগও করেছেন তারা। ফলে টেন্ডারের শেষ সময়ের মধ্যে প্রয়োজনীয় পে-অর্ডার জমা দিতে পারেননি কয়েকজন ঠিকাদার।
টেন্ডারটি রেলওয়ের দুইতলা বিশিষ্ট একটি পরিত্যক্ত ভবন ভেঙে সেখানকার মালামাল রেলওয়েকে বুঝিয়ে দেয়ার জন্য আহ্বান করা হয়েছিল বলে জানা গেছে।
‘আল নূর’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: রিপন অভিযোগ করেন, রেলওয়ে পুরনো ভবন ভেঙে ফেলার জন্য টেন্ডার আহ্বান করেছিল। রোববার ছিল পে-অর্ডার জমা দেয়ার শেষ দিন। কিন্তু সকাল থেকে একটি পক্ষ অন্য ঠিকাদারদের সিআরবিতে ঢুকতে দেয়নি।
রিপনের ভাষ্য, তিনি টেন্ডারের পে-অর্ডার জমা দিতে সিআরবিতে গেলেও তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। প্রবেশের চেষ্টা করলে হুমকি ও মারধরের ভয় দেখানো হয়। তার অভিযোগ, নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডারে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যেই অন্যদের প্রবেশে বাধা দেয়া হয়েছে।
একই অভিযোগ করেন এস এস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বলেন, টেন্ডারের কাগজপত্র ও পে-অর্ডার জমা দেয়ার জন্য প্রস্তুত থাকলেও সিআরবিতে ঢুকতে না পারায় তিনি তা জমা দিতে পারেননি। তার অভিযোগ, সাবেক এক কাউন্সিলরের অনুসারী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট কয়েকজন ছাড়া অন্য ঠিকাদারদের প্রবেশে বাধা দেন।



