মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেয়া হবে না : বিজয়

Printed Edition
মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে  ছাড় দেয়া হবে না : বিজয়
মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেয়া হবে না : বিজয়

আর আর চ্যানেল ও আনন্দবাজার

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয় নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার রাজ্যে কোনো হিন্দু যদি মুসলিমদের ওপর অত্যাচার করে, তবে তার ফল বিশ্বের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। মুখ্যমন্ত্রীর মতে, নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং এটি রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। গত রোববার ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল টিভিকে (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

কংগ্রেস, বামপন্থী দলগুলো এবং মুসলিম লীগের মতো বিভিন্ন পক্ষের সমর্থন নিয়ে বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবার একটি জোট সরকার গঠিত হয়েছে। ক্ষমতা লাভের পর থেকে তিনি সামাজিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যার অংশ হিসেবেই এই বিশালসংখ্যক মদের দোকান বন্ধের সাহসী পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বিজয় জনকল্যাণমূলক বেশ কিছু কাজের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদান এবং মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন অন্যতম। এছাড়া জেলাগুলোতে মাদকবিরোধী বিশেষ ইউনিট গড়ার পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি। তবে মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের বিপুল আয়ে টান পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক।

৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের তামিলনাড়ুতে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সব সরকার পরিচালিত মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। এ কারণে মোট ৭১৭টি দোকানের কার্যক্রম গুটিয়ে নিতে হবে।

এএনআইয়ের খবরে জানানো হয়, জনগণের কল্যাণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশনের (টিএনএসএমসি) তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে সরকার পরিচালিত চার হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান রয়েছে। গত রোববার সকালে চেন্নাইয়ের জওয়াহের লাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআইসহ (এম) কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে তিনি জোট সরকার গঠন করেন। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথম কয়েকটি রাজনৈতিক দল মিলে জোট সরকার গঠন করেছে। ক্ষমতা গ্রহণের পরপরই মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে কতগুলো সরকার পরিচালিত মদের দোকান আছে তা পর্যালোচনার নির্দেশ দেন। যাচাই-বাছাই শেষে ৭১৭টি দোকান বন্ধের নির্দেশ আসে।