টিকিট বিক্রি নিয়ে চাপে ফিফা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শুরুর আর ৪০ দিনেরও কম সময় বাকি থাকলেও টিকিট বিক্রি নিয়ে চাপে রয়েছে ফিফা। বিশেষ করে গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচে এখনো টিকিট অবিক্রীত থাকায় উদ্বেগ তৈরি হয়েছে আয়োজকদের মধ্যে। একই সাথে আকাশছোঁয়া মূল্য নির্ধারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ফুটবল সমর্থকেরা।

সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে টিকিটের দামই এই বিতর্কের কেন্দ্রবিন্দু। ১২ জুন লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য ম্যাচটির টিকিট মূল্য শুরু হয়েছে এক হাজার ১২০ ডলার থেকে, যা সর্বোচ্চ চার হাজার ১০৫ ডলার পর্যন্ত পৌঁছেছে। হসপিটালিটি প্যাকেজের ক্ষেত্রে একটি টিকিটের মূল্য ছয় হাজার ৫০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এখনো ‘লাস্ট-মিনিট সেলস’ বিভাগে এসব টিকিট পাওয়া যাচ্ছে। তবে শুরু থেকেই উচ্চমূল্যের কারণে সমর্থকদের বড় একটি অংশ টিকিট কেনা থেকে বিরত থাকছেন বলে জানা গেছে। এমনকি ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য প্রায় ১১ হাজার ডলার- যা আরো সমালোচনার জন্ম দিয়েছে।

গত জানুয়ারিতে ফিফা সভাপতি ইনফান্তিনো দাবি করেছিলেন, এবারের বিশ্বকাপের টিকিট চাহিদা ‘একসাথে হাজার বছরের বিশ্বকাপের সমান’ হবে। তবে বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত, যেখানে এখনো অনেক ম্যাচের টিকিট অবিক্রীত রয়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি এবং অতিরিক্ত মুনাফার লক্ষ্যই এই পরিস্থিতির মূল কারণ। সাবেক ক্রীড়া নির্বাহী পিটার মোরে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ডায়নামিক প্রাইসিং থেকে ফিফার ৩০ শতাংশ কমিশন নেয়া অযৌক্তিক। এতে সমর্থকরা কার্যত ‘প্রাইসড আউট’ হয়ে যাচ্ছেন।’