করপোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি পেল ড্যাফোডিল কম্পিউটার্স

Printed Edition

১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স-২০২৪ অর্জন করেছে আইসিটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি (ডিসিএল)। এই সম্মাননা ড্যাফোডিল কম্পিউটার্সের স্বচ্ছতা, নৈতিক নেতৃত্ব, আইনগত সম্মতি এবং দায়িত্বশীল করপোরেট পরিচালনার দীর্ঘদিনের প্রতিশ্রুতির স্বীকৃতি।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করেছে। স্বাধীন টেকনিক্যাল কমিটি এবং আন্তর্জাতিক মানের জুরি বোর্ডের সমন্বয়ে কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এই পুরস্কার দেয়া হয়- যার মধ্যে আইএফসির প্রতিনিধি অন্তর্ভুক্ত।

ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। দেশের প্রথম লোকালি ব্র্যান্ডেড পিসি থেকে শুরু করে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিআইইউ, ডিআইপিটিআই, স্কিল.জবস, গোএডু) গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

গত ১৫ ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএসইসি কমিশনারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: সবুর খান বলেন, এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবসা পরিচালনার প্রতিফলন। ড্যাফোডিল কম্পিউটার্স সবসময়ই আস্থার ওপর দাঁড়িয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও বিনিয়োগকারী ও দেশের জন্য দায়িত্বশীল অবদান রেখে যাবে। বিজ্ঞপ্তি।