নারায়ণগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সুতা ব্যবসার প্রাণকেন্দ্র টানবাজারের চার শতাধিক ব্যবসায়ী। হত্যার ভয় বা ব্যবসা-বাণিজ্য চরম হুমকিতে পড়তে পারে এমন আশঙ্কায় অনেকে মুখ খুলছেন না। ফলে নীরবে দিনের পর দিন চাঁদা দিয়ে যাচ্ছেন তারা। ফলে চরম সঙ্কটে পড়েছে দেশের এই প্রধান সুতার ব্যবসা কেন্দ্র। চাঁদাবাজির কারণে অনেকে তাদের সুতা ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তাভাবনা করছেন। এ অবস্থায় ব্যবস্থা নিতে স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি দলের হাইকমান্ডের কাছেও নালিশ করার খবর পাওয়া গেছে।
এদিকে নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত জেলার সাতটি থানায় ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।



