পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত মানবে না সৌদি আরব

Printed Edition

এএফপি

সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার চুক্তির পর তাতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তি কার্যকর করতে হলে রিয়াদকে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। তবে সৌদি আরব এখন পর্যন্ত সেই শর্ত মেনে নেয়ার কোনো ইঙ্গিত দেয়নি। বরং তাদের অবস্থান, গত সপ্তাহে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি এখনো বহাল রয়েছে।

দ্য হিল সোমবার জানিয়েছে, গত বুধবার মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সাথে বড় একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির ঘোষণা দেন। তখন ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো শর্তের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু দুই দিন পর ট্রাম্প বলেন, আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে এই চুক্তি কার্যকর হবে না। তার দাবি, সৌদি আরব ও ক্রিস রাইট আগেই এ শর্ত সম্পর্কে জানতেন।

তবে সৌদি ভূরাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল হামাদ বলেছেন, ট্রাম্পের বক্তব্যে চুক্তির মূল কাঠামো বদলে যায় না। তার মতে, ইসরাইলকে স্বীকৃতি দেয়া যদি আনুষ্ঠানিক শর্ত হতো, তাহলে তা চুক্তিতেই উল্লেখ থাকত। তিনি মনে করেন, ট্রাম্প মূলত ওয়াশিংটনে ইসরাইলপন্থী মহলকে আশ্বস্ত করতেই এ বক্তব্য দিয়েছেন।

সৌদি দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে সাবেক মার্কিন কূটনীতিকদের ধারণা, রিয়াদ আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারণ এই চুক্তি সৌদি আরবের জ্বালানি কৌশল যেমন এগিয়ে নেবে, তেমনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্যও বড় অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।

চুক্তির আওতায় সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সম্ভাবনা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে, যা নিয়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে। তবে রিয়াদ এখনো স্পষ্ট করে বলছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরি না হলে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। ফলে পারমাণবিক চুক্তি এগোলেও এই রাজনৈতিক জট এখনো কাটেনি।