ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় গত শনিবার ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভুগী পরিবার।
অভিযোগকারী জমির মালিক ইউসুফ আলী জানায়, আমি আমার পৈত্রিক সূত্রে পাওয়া বীরতারা মৌজার ৯০১ ও ১৫০৯ নং দাগের মোট ৪৪ শতাংশ জমি ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও বিপ্লব গংরা জমিটি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের ওপর নানা অত্যাচার করে বাড়িছাড়া করেছে।
সেই থেকেই আমার জমিটি দখল করার পাঁয়তারা করছে। শুধু তাই নয় বর্তমানে ওই জমিতে লাগানো গাছ কেটে ফেলেছে। প্রতিবাদ করলে বিবাদিরা ক্ষিপ্ত হয়ে মারধর করতে আসে। অভিযুক্তরা হলেন- বালাসুতী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আ: মান্নান, সোলাইমান হোসেনের ছেলে শাহিন মিয়া, আ: করিমের ছেলে মিনহাজ মিয়া ও আ: মান্নানের ছেলে বিপ্লব হোসেন। এ বিষয়ে কথা বলতে বিবাদি আব্দুল মান্নানদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানা ওসি এস এম শহিদুল্লাহ বলেন, জমি দখল ও গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।



