যা নিয়ে ব্যস্ত আবুল হায়াত

Printed Edition
যা নিয়ে ব্যস্ত আবুল হায়াত
যা নিয়ে ব্যস্ত আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক

আবুল হায়াত, বাংলাদেশের নাটক ও সিনেমার এমনই একজন গুণী, অভিজ্ঞ এবং জনপ্রিয় অভিনেতা যাকে নিয়ে এই প্রজন্মের নির্মাতাদের ন্যূনতম একটি হলেও কাজ করা যেন স্বপ্নই বলা চলে। একটা সময় যারা আবুল হায়াতকে নিয়ে নাটক-সিনেমা নির্মাণ করতেন তারা এখনো গল্পে চরিত্রের প্রয়োজন হলে আবুল হায়াতকে নিয়েই নির্মাণ করেন। তবে নতুনদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। কারণ গল্প ভালো হওয়ার পাশাপাশি ইউনিটটা কেমন, ঠিকঠাক মতো কেয়ারিংয়ের মধ্য দিয়ে কাজটি করা হবে কি-না সে সব বিষয়ও বিবেচনায় থাকে। যে কারণে নতুন প্রজন্মের নির্মাতাদের নির্দেশনায় কাজ করতে গেলে আবুল হায়াতকেও একটু বুঝেশুনে কাজ করতে হয়। আগের মতো টানা কাজের মধ্যেও যে তাকে থাকতে হবে, এমনটি নয়। গল্প ও চরিত্র ভালোলাগলে, পরিচালকের সাথে আনুষঙ্গিক সব বিষয়ে বনিবনা হলেই আবুল হায়াত নিশ্চিন্তে কাজ করতে পারেন। এরই মধ্যে তিনি এই প্রজন্মের গুণী নির্মাতা সেলিম রেজার নির্দেশনায় একটি নাটকের কাজ শেষ করেছেন। যাতে তিনি কেয়া পায়েলের দাদুর চরিত্রে অভিনয় করেছেন। তিনি চয়নিকা চৌধুরীর একটি নাটকের কাজে ব্যস্ত থাকবেন কয়েক দিন। আগামী ১০ ডিসেম্বর তিনি আরাফাত মোহসীন নিধির ওয়েব সিরিজ ‘আৎকা’র প্রমোশনাল শুটিংয়ের কাজ করবেন। এ ছাড়াও আগামী ১২ ডিসেম্বর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। তবে আবুল হায়াত জানান, আগামী ঈদের জন্য তিনি রাবেয়া খাতুনের গল্পে তার নিজের চিত্রনাট্যে ‘সখিনা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করতে পারেন। যে কারণে কে হতে পারেন ‘সখিনা’ এই নিয়েই আপাতত তার ভাবনা। সাথে সখিনার বিপরীতে কে অভিনয় করবেন, সেটি নিয়েও ভাবছেন আবুল হায়াত। আবুল হায়াত বলেন, ‘এখন পর্যন্ত সখিনা নিয়েই আমার পরিকল্পনা। এই মাসের শেষপ্রান্তে কিংবা আগামী মাসেই এর কাজ শেষ করতে চাই।

নিজের নির্মাণকাজের পাশাপাশি এরই মধ্যে নাটকে এবং ওয়েব সিরিজেও কাজ করেছি। যতটুকু ব্যস্ততা এখনো অভিনয়কে ঘিরেই। বাকি যে সময়টুকু থাকে আমি বেশির ভাগই বাসাতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি, পরিবারও চায় আমি যেন বাসাতেই থাকি। তারপরও মন মানে না। তাই মাঝে মধ্যে কাজের মধ্যেই ডুবে থাকতে ভালো লাগে। সবার কাছে দোয়া চাই, আল্লøাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’