দ্য ডন
কাশ্মির ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে সীমান্তজুড়ে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ প্রতিহত করার ক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় সঙ্কল্পকে ভারতের মোটেও অবমূল্যায়ন করা উচিত নয়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রোববার এক বিবৃতিতে জানান যে পাকিস্তানের সাথে কোনো আলোচনা হবে না, আর হলেও তা কেবল আজাদ জম্মু ও কাশ্মির নিয়ে হবে। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার উদ্ধৃতি দিয়ে রাজনাথ সিং আরো বলেন, যেকোনো ‘দুঃসাহসিকতার’ জবাবে কল্পনাতীত ব্যবস্থা নেয়া হবে।
এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানায় যে এই মন্তব্য জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধের সত্যকে বিকৃত করে এবং তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন যে জোরপূর্বক বক্তব্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি বাস্তবতা বদলে দেয়া যাবে না। খাজা আসিফ বলেন, ভারতের বর্তমান শাসকগোষ্ঠী নিজের দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং একনায়কতান্ত্রিক শাসন ঢাকা দিতে ও সাধারণ মানুষের নজর ঘোরাতে এই ধরনের আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। বিবৃতিতে বলা হয় যে পাকিস্তান শান্তি ও আলোচনার পক্ষে থাকলেও নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। একই সাথে গত বছরের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসঙ্ঘকে ভারতের নীতিহীন আচরণের বিষয়ে খেয়াল রাখার পাশাপাশি কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।



