ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হবো না : বার্নহ্যাম

Printed Edition
ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হবো না : বার্নহ্যাম
ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হবো না : বার্নহ্যাম

বিবিসি

দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও প্রস্তুত রয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বড় সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

গতকাল রোববার বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সাথে তার প্রথম আলাপটা বেশ ভালো হয়েছে। ট্রাম্পকে তিনি খুবই আন্তরিক বলে মনে করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের ওপর ভরসা করেন কি না, এমন প্রশ্ন দুবার করা হলেও সরাসরি কোনো জবাব দেননি তিনি। উত্তর এড়িয়ে বলেন, বিশ্ব প্রতিনিয়ত পাল্টাচ্ছে। পরিস্থিতি যেভাবে সামনে আসবে, সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে।

আজ সোমবার পুরো সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। তাতে বার্নহ্যাম আরো বলেন, আমি কোনো অবস্থাতেই এমন কথা বলতে পারি না যে তার সাথে আমার কখনো মতবিরোধ হবে না। ব্রিটেনের জন্য যা সঠিক, সেই ভিন্ন চিন্তাভাবনা প্রকাশের প্রয়োজন আমার হতেই পারে।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকাই আমার মূল শক্তি। প্রধানমন্ত্রী হওয়ার পরও এ অভ্যাসের কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য সঠিক মনে হলে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হবেন কি না জানতে চাইলে নতুন প্রধানমন্ত্রী স্পষ্ট জবাব দেন, অবশ্যই। যুক্তি দিয়ে তিনি বলেন, যেকোনো কিছুর আগে নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়। এ দায়িত্ব ঠিকমতো পালন করতে চাইলে এটাই প্রধান কাজ।

ইরানের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘাত শুরু করার বিষয়ে নিজের ‘উদ্বেগ’ ছিল বলেও জানান বার্নহ্যাম। তিনি স্পষ্ট করেন, নিজের কাছে যা সঠিক মনে হবে, তা বলতে কখনোই কুণ্ঠা বোধ করবেন না।