বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আয়োজনে তিন দিনব্যাপী টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং-২০২৬ শেষ হয়েছে। গত ১৯ আগস্ট কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে পরিচিত করা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে আইআইইউসির বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল-আজহারী এবং প্রফেসর ড. মো: আবুল কালাম। এ ছাড়া প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:)। বিজ্ঞপ্তি।



