রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সই

Printed Edition
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার্স সাক্ষাৎ করেন :  পিআইডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার্স সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া সরকার ও জাতিসঙ্ঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সই হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসঙ্ঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (১৩৭ কোটি টাকা) এ চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

এ সময় মন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তিটি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (৩,১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া এই আঞ্চলিক সঙ্কট মোকাবেলায় এ নিয়ে মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১০ হাজার ৭৭০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে। অস্ট্রেলিয়া প্রদত্ত ১৬ মিলিয়ন ডলারের এ তহবিল ইউনিসেফ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা ও নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে ব্যয় করা হবে।